মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় মরমি সাধক লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর ওপর ইট নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় তাঁর পরনের পাঞ্জাবি ছিঁড়ে যাওয়ার কথাও জানা গেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালন শাহের মাজারের মূল ফটকের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে উদ্ধার করে। পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় তিনি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত সফরে রোববার কুষ্টিয়ায় আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিকেলে তিনি কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে যান।
মাজার প্রাঙ্গণে পৌঁছে তিনি লালন মেলা মাঠ ঘুরে মাজারে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সেখানে তাঁকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। একই সময়ে মাজারের বাইরে থাকা তাঁর গাড়িতেও ইট নিক্ষেপ করে ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু সময় মাজার প্রাঙ্গণে অবস্থান করেন। পরে পুলিশ তাঁকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে যায়। রাত ৮টার দিকে তিনি কুমারখালী থানায় অভিযোগ দায়েরের জন্য রওনা হন বলে জানা গেছে।
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর কুষ্টিয়া সফর সম্পর্কে স্থানীয় এনসিপির অনেক নেতাকর্মী আগে থেকে অবগত ছিলেন না বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় নেতারা জানান, এটি তাঁর ব্যক্তিগত সফর ছিল এবং সফরের বিষয়ে স্থানীয় সংগঠনকে আগে থেকে জানানো হয়নি।
এনসিপি কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আলামিন হোসেন আকাশ বলেন, মাজারে অবস্থানকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয়। তাঁর অভিযোগ, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলায় নেতৃত্ব দেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি। তিনি বলেন, মবের রাজনীতিতে ছাত্রদল বিশ্বাস করে না। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে তাঁরা অবগত নন। এ ধরনের ঘটনা নিন্দনীয় এবং ছাত্রদল কোনো ধরনের হামলা, সন্ত্রাস বা বিশৃঙ্খলার রাজনীতিকে সমর্থন করে না।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে দায়ী করে গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি নাসীরুদ্দীন পাটওয়ারী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত সফরে লালন মাজারে এসেছিলেন। তাঁর সফরের বিষয়ে পুলিশকে আগে থেকে জানানো হয়নি। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিরাপদে উদ্ধার করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি জানতে পেরেছেন। কারা হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাঁকে নিরাপদে উদ্ধার করে নিয়ে এসেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশ তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার