যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের কপোতাক্ষ নদীর ওপর নির্মিত দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো সংস্কারে এগিয়ে এলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘব ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে তিনি সাঁকো সংস্কারের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে ত্রিমোহিনী বাজারসংলগ্ন কপোতাক্ষ নদীর ওপর নির্মিত সাঁকোটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাঁকো সংস্কার কর্তৃপক্ষ ও স্থানীয় দায়িত্বশীলদের হাতে নগদ অর্থ তুলে দেন।
স্থানীয়রা জানান, ত্রিমোহিনী বাজারের মধ্য দিয়ে কপোতাক্ষ নদীর ওপর নির্মিত বাঁশ ও কাঠের তৈরি সাঁকোটি কেশবপুর ও কলারোয়া উপজেলার হাজারো মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা। প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোটি ব্যবহার করছেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে ভারী মালামাল ও যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ অবস্থায় ঘাট সংস্কার কর্তৃপক্ষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিমোহিনী ইউনিয়নের দায়িত্বশীলরা সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. সাইদুর রহমান সাঈদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলফাজুর রহমান, ত্রিমোহিনী ইউনিয়ন সেক্রেটারি মো. হাসানুজ্জামান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় নায়েবে আমীর মো. সাইদুর রহমান সাঈদ বলেন, নির্বাচনী প্রচারণার সময় আমরা এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ত্রিমোহিনী কপোতাক্ষ নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে। এলাকাবাসী ধৈর্য ধরলে ইনশাআল্লাহ একটি স্থায়ী সমাধান হবে।
সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, ত্রিমোহিনী কপোতাক্ষ নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই ব্রিজ নির্মাণ হলে কেশবপুর ও কলারোয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, আমি জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কষ্ট কাছ থেকে দেখেছি। তাই আপাতত ঝুঁকি কমাতে সাঁকো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।
শেষে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাঁকো সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে তিনি স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে অর্থ হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার