জবি সংবাদদাতা:
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে গুণগত, গণমুখী ও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ইমেরিটাস ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
সোমবার (৯ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত লেকচার সিরিজের প্রথম পর্বে ‘২০২৪-এর চেতনার আলোকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংস্কারের অনিবার্যতা’ শীর্ষক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বিশ্বব্যাপী বিভিন্ন সময়ে স্বৈরশাসকদের পতনের প্রেক্ষাপট ও কারণ তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমি, বিভিন্ন পর্যায় এবং ফ্যাসিবাদী শাসনের পরিণতি নিয়ে আলোচনা করেন।
ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং দেশ ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন এক নবজাগরণের সৃষ্টি হয়েছে।
শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শিক্ষাকে গুণগত মানসম্পন্ন, গণমুখী ও কর্মমুখী করতে হবে। শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের যোগসূত্র বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। সুনাগরিক গড়ে তোলা, তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চার প্রসার, গ্রন্থাগারের আধুনিকায়ন এবং ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়নেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রচলিত পরীক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লেকচার সিরিজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ফাতেমা জোহরা।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে এবারই প্রথম এ ধরনের লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে। সময়োপযোগী ও প্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান শুধু রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ঘটায়নি, মানুষের মনোজগতেও ব্যাপক পরিবর্তন এনেছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জন করছে না, বরং প্রশ্ন করতেও শিখছে। জুলাই গণ-অভ্যুত্থান তরুণদের মধ্যে এ পরিবর্তনের পথ তৈরি করেছে।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মূল্যবোধে যে পরিবর্তন এসেছে, তার প্রতিফলন শিক্ষার্থীদের মধ্যেও দেখা যাচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে উদ্ভাবন, জ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটছে। এসব পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত শিক্ষাব্যবস্থা ও শিক্ষার দর্শনেও পরিবর্তন আনতে হবে। বর্তমান সমাজের চাহিদা পূরণে দেশের শিক্ষাব্যবস্থা কতটা উপযোগী, তা শিক্ষাবিদদের নতুন করে ভাবতে হবে। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার বাইরে বিকল্প ও কার্যকর পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। এ ধরনের লেকচার, সেমিনার ও আলোচনা নতুন চিন্তার দ্বার উন্মোচনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম।
এ সময় মূল বক্তা ড. আনোয়ারউল্লাহ চৌধুরী তাঁর রচিত ২৫টি বই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের কাছে হস্তান্তর করেন।
মূল বক্তব্যের পর উপস্থিত গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচ্য বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রশ্ন তুলে ধরেন। মূল বক্তা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়ে মতামত দেন।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ লেকচার সিরিজের আওতায় সামাজিক বিজ্ঞান অনুষদের আটটি বিভাগ পর্যায়ক্রমে পৃথকভাবে লেকচারের আয়োজন করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার