স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় কালীগঞ্জের হাসপাতাল সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ রহমান মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমান ছিলেন কালীগঞ্জের একজন পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দল ও এলাকার মানুষের জন্য কাজ করেছেন। রাজনৈতিক জীবনে তাঁর অবদান ও ত্যাগ কালীগঞ্জবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠক হিসেবে তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর আদর্শ, রাজনৈতিক প্রজ্ঞা ও জনসেবামূলক কর্মকাণ্ড থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে তিনি সবাইকে মরহুমের পরিবারের পাশে থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইলিয়াছ রহমান মিঠু বলেন, মাহাবুবার রহমান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন দলের দুঃসময়ের একজন সাহসী সংগঠক ও নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর সঙ্গে রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে তিনি বলেন, তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তাঁর রাজনৈতিক আদর্শ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, শাহজাহান শেখ, গোলাম রব্বানী, বাবুল আক্তার, মুসা করিম, মিজানুর রহমান, মাহাবুর রহমান মিলন, শাজাহান আলী খোকন, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন মরহুমের পুত্র সন্তান আসাদুজ্জামান মিঠু।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের রুহের মাগফিরাত, আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পৌর কৃষক দলের আহ্বায়ক কারী ফোরকান আলী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার