শামীম আহমেদ, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
বেকারত্ব দূরীকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ফলের বাগান ও নার্সারি হতে পারে আত্মকর্মসংস্থানের অন্যতম কার্যকর মাধ্যম। তরুণ সমাজকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন সম্ভব বলে মন্তব্য করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ সাজ্জাদ হোসেন।
সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেগমপুর গ্রামে অবস্থিত হাবিবুর নার্সারি ও ফল বাগান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে ইউএনও বাগানের বিভিন্ন প্রজাতির ফলের গাছ, চারা উৎপাদন ও চাষাবাদের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, এলাকার যেসব মানুষ বেকারত্বের কারণে কর্মহীন রয়েছেন, তারা চাইলে ফল চাষ ও নার্সারি ব্যবসার মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। এতে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নেও অবদান রাখা সম্ভব।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে কৃষি ও ফল চাষের মতো উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা গেলে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখা সম্ভব হবে।
এ সময় হাবিবুর নার্সারি ও ফল বাগানের মালিক হাবিবুর রহমান বলেন, কেউ তার নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির ফলের চারা সংগ্রহ করতে চাইলে কিংবা চায়না কমলা চাষ সম্পর্কে পরামর্শ ও সহযোগিতা নিতে আগ্রহী হলে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করবেন। চারা সংগ্রহ থেকে শুরু করে ফল উৎপাদনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও আশ্বাস দেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, হাবিবুর নার্সারি ও ফল বাগানের মতো কৃষিভিত্তিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিকল্পিতভাবে ফল চাষ ও নার্সারি ব্যবসার প্রসার ঘটানো গেলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার