লিখনী ডেক্স:
দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি সাম্প্রতিক ঝড়-বৃষ্টি ও কারিগরি ত্রুটির কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা পর্যালোচনা করেন। কোথায় কী ধরনের সমস্যা হয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে জনভোগান্তি কমাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী মাঠপর্যায়ের জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি দায়িত্বপ্রাপ্তদের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে।
তিনি আরও নির্দেশ দেন জেলা ও উপজেলা পর্যায়ে ‘বিদ্যুৎ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’ পুনর্গঠন করার জন্য। তার মতে, পূর্বে এসব কমিটির কার্যকারিতা দুর্বল থাকায় স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধান ও তদারকি যথাযথভাবে করা সম্ভব হয়নি।
এর আগে নিজ দপ্তরে জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে কখনো কখনো জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়।
তিনি জানান, দেশে ব্যবহৃত জ্বালানির বড় অংশ ডিজেল হওয়ায় এতে সরকারকে বেশি ভর্তুকি দিতে হয়। সাধারণ মানুষের ওপর চাপ কমাতে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, অফশোর জ্বালানি অনুসন্ধান, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণ এবং এলএনজি অবকাঠামো সম্প্রসারণসহ বড় প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার