মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
মোংলা কাস্টমস হাউজে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং চোরাচালানের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর (রবিবার) দুপুরে মোংলা কাস্টমস হাউজের সামনে ‘মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশন’, শিপ চ্যান্ডলার ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাণিজ্যিক জাহাজে আগত বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে থাকেন। পাশাপাশি কাস্টমস সংক্রান্ত সেবা প্রদানে ভেন্ডার ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অবৈধ অর্থ আদায় এবং জাহাজ থেকে বিদেশি মদ ও সিগারেট অবৈধভাবে এনে খুলনায় বিক্রির মতো গুরুতর অপরাধের সাথে জড়িত তিনি।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন অপরাধমূলক কর্মকাণ্ড মোংলা বন্দরের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে এবং বৈধ ব্যবসায়ীদের জন্য ব্যবসা পরিচালনা কষ্টকর করে তুলেছে। তারা অবিলম্বে এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ চেয়ে মোংলা কাস্টমস হাউজের কমিশনার মোঃ গিয়াস কামাল বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, শামিম, ইউসুফ, সেলিম, মামুন ভুইয়া, সুমন মল্লিক, শামিম মল্লিক, নুরউদ্দিন টুটুল, আল আমিন, বেল্লাল হোসেন, মহসিন পাটোয়ারী, সোহাগ, রাজ বাপ্পা সহ বৈদেশিক জাহাজের স্থানীয় বৈধ ব্যবসায়ীবৃন্দ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোঃ গিয়াস কামাল জানান, "অভিযোগগুলো তদন্ত করে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার