শহিদুল ইসলাম
যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীর হাতের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তাহাজ্জত হোসেন ওরফে ট্যানা (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা পাড়ার বাসিন্দা তাহাজ্জত হোসেন ওরফে ট্যানা দীর্ঘদিন ধরে একই গ্রামের এক নারীকে (পরিচয় গোপন রাখা হলো) কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভুক্তভোগী নারী তার এই অনৈতিক প্রস্তাবে কিছুতেই রাজি হচ্ছিলেন না। আজ রবিবার বিকেলে ট্যানা আবারও ওই নারীকে একা পেয়ে কুপ্রস্তাব দেয়। নারী তীব্র প্রতিবাদ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ট্যানা ওই নারীর হাতের একটি আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেছে বলে জানা যায় । আঙুল ছিঁড়ে যাওয়ায় নারীটি গুরুতর আহত হন এবং তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে। ঘটনার খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাহাজ্জত হোসেন ওরফে ট্যানাকে আটক করে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্ত ট্যানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার