মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
সুন্দরবনের কয়রার বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক পরিচালিত গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, হরিণের ৮টি পা, ২টি মাথা এবং ২টি চামড়া জব্দ করা হয়। তবে অভিযানের সময় জড়িত পাচারকারী বা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দকৃত বন্যপ্রাণীর মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার