মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ডসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে তিনটি বন্দুক ও ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে দস্যুদের ডেরা থেকে মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা চার জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।
আজ রবিবার (১৭ মে) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার ভোর ৪টার দিকে কোস্টগার্ড বেইস মোংলার একটি চৌকস দল খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল এলাকায় অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে দুই দস্যুকে আটক করা হয়। আটককৃতরা হলেন— বাগেরহাটের রামপাল থানার রবিউল শেখ (৩০) এবং মোড়লগঞ্জ থানার রাজন শরীফ (২০)। এর মধ্যে রাজন শরীফ দস্যু বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড এবং তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
অভিযানস্থল থেকে ১টি বিদেশি একনলা বন্দুক, ২টি দেশীয় একনলা বন্দুক ও ২৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর এবং আটক দস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার