
মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
সুন্দরবনের সার্বিক নিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়োজিত জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বর্বরোচিত হামলায় কর্তব্যরত বেশ কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনসহ জড়িতদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে এলাকায় একটি জোরালো যৌথ অভিযান শুরু হয়েছে।
প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের মোংলা থানাধীন এই জয়মনির ঘোল এলাকাটি দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেখানে কোস্ট গার্ডের স্থায়ী স্টেশন স্থাপনের ফলে দস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সহায়তার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। মূলত এই ক্ষোভ থেকেই বনদস্যু ও তাদের সুবিধাভোগী একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। স্বার্থান্বেষী এই মহলের মূল উদ্দেশ্য হলো কোস্ট গার্ডকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া, যেন তারা পুনরায় সুন্দরবনে দস্যুতা ও অপকর্মের রাজত্ব কায়েম করতে পারে।
একই সাথে ঘটনাটিকে ভিন্ন খাতে মোড় নিতে এবং কোস্ট গার্ডের সফল অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র নানা ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। তবে বাংলাদেশ কোস্ট গার্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কোনো ধরনের হামলা, ভয়ভীতি, ষড়যন্ত্র বা অপপ্রচার বাহিনীর মনোবল ভাঙতে পারবে না। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনী অতীতের মতোই দৃঢ় প্রতিজ্ঞ। কোস্ট গার্ডের পক্ষ থেকে গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণকে যেকোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে, প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার