মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার স্বাস্থ্য সহকারীরা। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকসহ কর্মরত সবাই বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বুড়িচং শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মবিরতিতে অংশ নেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (সমমান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান। স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করেও কোনো ইতিবাচক সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। ১ অক্টোবর থেকে সারা দেশের ন্যায় বুড়িচংয়েও ইপিআইসহ স্বাস্থ্য বিভাগের তৃণমূল পর্যায়ের সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ। কর্মবিরতিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন ভূইয়া ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার