শামীম আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা:
প্রাকৃতিক ঝাড়ুদার হিসেবে পরিচিত পরিবেশবান্ধব মহাবিপন্ন পাখি শকুনের সংখ্যা দেশে এখন মাত্র ২৪৮টি। অথচ চার দশক আগেও এ দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। শকুন রক্ষা ও বংশবৃদ্ধির লক্ষ্যে এবার প্রথমবারের মতো সুন্দরবনে বসছে ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ’ (Saving Asia’s Vultures from Extinction - SAVE)-এর ২০২৬ সালের বার্ষিক সভা। বাংলাদেশ বন বিভাগের আয়োজনে ২৪ থেকে ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার ছয় দেশসহ বিশ্বের দশটি দেশের ৩০ জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধি অংশ নেবেন বলে জানা গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, এশিয়ায় এখন মহাবিপন্নের পথে শকুন। এশিয়া মহাদেশে শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১১ সালে ‘সেভ’ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় কাজ করছে।
আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় এবার সুন্দরবনে একটি জাহাজে এই বার্ষিক সভার আয়োজন করেছে বন বিভাগ।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (আইইউসিএন)-এর প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, শকুনের বিলুপ্তি ঠেকাতে ‘সেভ’ ২০১১ সাল থেকে কাজ করছে। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের সভাটি সুন্দরবনে জাহাজে বসে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠেয় সভায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর ও কানাডার ৩০ জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধি অংশ নেবেন।
সভায় এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অঞ্চল গড়ে তোলা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। দেশে শকুনের বর্তমান সংখ্যা ২৪৮টি উল্লেখ করে আইইউসিএন-এর এই প্রোগ্রাম ম্যানেজার জানান, সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন এলাকায় শকুন দেখা যায়। ২৫ নভেম্বর জাহাজে করে শুরু হওয়া তিন দিনব্যাপী এই বার্ষিক সভার উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, শকুন রক্ষায় ‘সেভ’-এর ২০২৬ সালের বার্ষিক সভা এই প্রথম সুন্দরবনে হচ্ছে, যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই সভা থেকে শকুন রক্ষা ও বংশবৃদ্ধিতে বাস্তবমুখী নানা পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার