কোটচাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বড় সাফল্য: হোমিও চেম্বার থেকে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১
- Update Time : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৮ Time View

নিজস্ব প্রতিবেদক, বাবলু মিয়া
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এক সফল অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহলসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা-র নেতৃত্বে একটি বিশেষ চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। দুপুর আনুমানিক ২টার দিকে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন তালসার রোডের ‘সোনালী হোমিও হল’ নামক একটি চেম্বারে অতর্কিত হানা দেয় আভিযানিক দলটি। হোমিও চেম্বারটিতে তল্লাশি চালিয়ে বড় কার্টনের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৭৪ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়। প্রতিটি ১০০ মিলিলিটার বোতলের এই চালানের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫২,০০০ টাকা। মাদক কেনাবেচা ও মজুতের অভিযোগে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে মোঃ আমিরুল ইসলামকে। তিনি কোটচাঁদপুর আদর্শ পাড়ার আয়নাল হকের ছেলে। সোনালী হোমিও হল, তালসার রোড, কোটচাঁদপুর। ১৭৪ বোতল অ্যালকোহল (১০০ মিলি প্রতিটি)। মোঃ আমিরুল ইসলাম।
মামলা নং: ০১ (তারিখ: ০৫/০২/২৬)।
গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ কোটচাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে তাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এবং যুবসমাজকে রক্ষা করতে আগামীতে এ ধরণের ‘চিরুনি অভিযান’ আরও জোরদার করা হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
















