যান্ত্রিক ত্রুটি কাটিয়ে চালুর শীর্ষে রামপালের দ্বিতীয় ইউনিট: জাতীয় গ্রিডে যোগ হচ্ছে বাড়তি বিদ্যুৎ
- Update Time : ০৭:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
টানা আট দিন বন্ধ থাকার পর মেরামত শেষে পুনরায় উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ইউনিটটিতে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটই এখন পুরোপুরি চালু রয়েছে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্বিতীয় ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। টানা আট দিন নিবিড় রক্ষণাবেক্ষণ ও ত্রুটি নিরসনের কাজ শেষে রবিবার দুপুরে ইউনিটটি পুনরায় সচল করা হয়।
তিনি বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক উৎপাদনে বাধা আসায় আমাদের ক্ষতি হয়েছে। তবে এমন বড় কেন্দ্রে মাঝেমধ্যে যান্ত্রিক গোলযোগ হওয়া অস্বাভাবিক নয়। আমরা সব সময় চেষ্টা করি রামপাল থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে। ত্রুটি দেখা দেওয়া মাত্রই আমাদের প্রকৌশলীরা দ্রুততম সময়ে তা সমাধান করেছেন।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুনরায় চালুর পর প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে এই উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হবে। ১ হাজার ৩২০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট এখন সচল থাকায় দৈনিক গড়ে ১ হাজার ১শ থেকে ১ হাজার ২শ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
বর্তমানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে বলেও বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
























