ঝিনাইদহ কোটচাঁদপুরে দুই মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড
- Update Time : ০৫:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৬ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৯ নভেম্বর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল থানা এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোকাম হোসেনের ছেলে ইসমাইল হোসেন মানিক (২২) এবং শিবনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. শাওন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তাঁদের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য সংরক্ষণ ও প্রকাশ্যে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় উভয়কে দোষী সাব্যস্ত করেন। পরে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, কোটচাঁদপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
























