দোকানের সামনে ভ্যান রাখা নিয়ে সংঘর্ষ, আহত ব্যবসায়ী
- Update Time : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১০০ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরার রাজারবাগান কলেজ মোড়ে দোকানদারকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ভ্যানচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ফারুক আহম্মেদ সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে বলা হয়, ফারুক আহম্মেদ (২৫), পিতা- মোঃ আব্দুল গফফার, রাজারবাগান এলাকার বাসিন্দা, সাতক্ষীরা থানাধীন রাজারবাগান কলেজ মোড়ে তার ‘ফারুক এন্টারপ্রাইজ’ নামে মুদি দোকান চালান। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী ভ্যানচালক শফিকুল ইসলাম (২৮), পিতা- মোঃ বাকের আলী, প্রায়ই দোকানের সামনে ভ্যান দাঁড় করিয়ে ব্যবসায়িক ক্ষতি করেন। গত ২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে ফারুক দোকানে অবস্থানকালে আবারও শফিকুল ভ্যান রেখে দাঁড়ান। এ সময় ফারুক ভ্যান সরাতে বললে শফিকুল উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং ফারুক ভ্যান সরানোর চেষ্টা করলে তার ওপর হামলা চালায়। ফারুকের অভিযোগ, শফিকুল ঘুষি মেরে তার নাক-মুখসহ মুখমণ্ডলে আঘাত করে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে বুকে ও পিঠে একাধিক লাথি মেরে গুরুতর আহত করে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ফারুক আহম্মেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনের মাধ্যমে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

























