মহেশপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা ও কিলন ভাঙচুর
- Update Time : ১১:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৭ Time View

শামীম আহমেদ মহেশপুর( ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার প্রস্তুতির দায়ে ‘রুমা ব্রিকস’ নামের একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা এবং এর কিলিন (চিমনি/পোড়ানোর চুলা) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, ঝিনাইদহের সহযোগিতায় মহেশপুর উপজেলার কাজিরবেড় (জিন্নানগর) এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর ধারা ৫(১) লংঘন করে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিল রুমা ব্রিকস। এই অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে মালিকপক্ষের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন, ঝিনাইদহের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু সাহা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মীর গিয়াস উদ্দিন ও নমুনা সংগ্রহকারী মোঃ কামরুজ্জামান। অভিযানে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিল জেলা আনসার ব্যাটালিয়ন ও পুলিশের দুটি চৌকস দল
পরিবেশের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছে।























