৪৯ বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক
- Update Time : ১২:২৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ২৬টি শাড়ি, ১টি কম্বল, ৫০০ গ্রাম জিরা, ২টি হরলিক্স, ১ হাজার ৬৮ প্যাকেট বিস্কুট এবং ১১১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















