ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র্যাবের বিশেষ টহল
- Update Time : ০১:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৮ Time View

তরিকুল ইসলাম, ঝিনাইদহ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপত্তা জোরদারে মহড়া চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের সামনে থেকে এ বিশেষ টহল কার্যক্রম শুরু হয়।
মহড়াটি কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় র্যাব সদস্যরা টহল, তল্লাশি ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে এই মহড়া পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব ঝিনাইদহ ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে র্যাব কঠোর অবস্থানে থাকবে।

















