পুকুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- Update Time : ০৭:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৩৩৬ Time View

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরে বসানো সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান সরকার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের আওয়ালগাড়ী এলাকায়। নিহত বোরহান সরকার ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা সেকেন্দার আলী সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান সরকার সকালে নিজ পুকুরে মাছ ধরার জন্য একটি সেচ পাম্প ভাড়া করে আনেন এবং সেটি পুকুরে স্থাপন করেন। তবে তখন বিদ্যুৎ না থাকায় তিনি করলা ক্ষেতে গিয়ে সবজি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। দুপুরে বিদ্যুৎ ফিরে এলে তিনি বাড়ি ফিরে এসে সেচ পাম্পে সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান।
পরে গ্রামের দুই শিশু পুকুরের পানিতে বোরহানকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কালাই থানার ওসি(তদন্ত)কামাল হোসেন বলেন মৃত্যু সার্টিফিকেট আসলে বিষয়টি মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

























