সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবর ভিত্তিহীন: টোয়াসের প্রতিবাদ
- Update Time : ০১:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে মোংলা প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। টোয়াস নিবন্ধিত কোনো নৌযানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং বিষয়টি বন বিভাগও নিশ্চিত করেছে।
টোয়াস নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে সুন্দরবনের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। সুন্দরবনের সব পর্যটন পথ ও পর্যটকদের নিরাপত্তায় কোনো শঙ্কা নেই বলেও তাঁরা আশ্বস্ত করেন।
সংবাদ সম্মেলন থেকে ভিত্তিহীন ও অসত্য ওই সংবাদ অবিলম্বে প্রত্যাহার করে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য ও সূত্র যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান টোয়াস নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টোয়াসের কার্যকরী সভাপতি মো. আল আমিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদী ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর উল আলম এবং নির্বাহী সদস্য মো. ইমাদুল হাওলাদার ও সৈয়দ সাহরিয়ার তাকিমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।





















