মোটরসাইকেলে সম্ভাব্য কর; এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ
- Update Time : ০৫:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৬ Time View

ক্রাইম রিপোর্টারঃ মোঃ শাহারিয়ার ইসলাম (স্বাধীন)
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাইকাররা। রবিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ চলাকালে এনবিআর ভবনের সামনের সড়কে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। তাদের অভিযোগ, মোটরসাইকেল বর্তমানে বিলাসপণ্য নয়; বরং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এ খাতে অতিরিক্ত কর আরোপ করা হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।
বাইকারদের আশঙ্কা, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে। এই সম্ভাব্য সিদ্ধান্তের বিরোধিতায় তারা আন্দোলনে নেমেছেন বলে জানান।
কর্মসূচির একপর্যায়ে মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিনিধিরা এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি জমা দেন। সেখানে প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের সিসি অনুযায়ী অগ্রিম আয়কর আরোপের বিষয়টি তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব রয়েছে। এ ধরনের সিদ্ধান্ত দেশের লাখো মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি করেছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

























