বাঘারপাড়ায় ৩ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে আটক ১
- Update Time : ০১:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

যশোরের বাঘারপাড়া উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হায়াতুল (২১) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার সকালে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১১টার দিকে শিশুটি স্থানীয় মক্তব থেকে বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত হায়াতুল মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। শিশুটির কান্নার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানা-পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হায়াতুলকে পুলিশ হেফাজতে নেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
























