কোটচাঁদপুরে অভিনব কায়দায় মাইক্রোবাসে ছাগল চুরি: ৩ জন আটক,গাড়িসহ ছাগল উদ্ধার।
- Update Time : ০১:৫৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কোটচাঁদপুরে দিনের আলোয় অভিনব ও চতুর উপায়ে মাইক্রোবাসে করে ছাগল চুরির সময় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের সময় উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া গ্রামের পিচ রাস্তার ওপর এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের মোঃ হেলাল উদ্দিন (৩৫), মোছাঃ সুফিয়া খাতুন (৫৫) এবং মোঃ ওমর ফারুক (৭)। সম্পর্কে তারা যথাক্রমে মা, ছেলে ও নাতি। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে ও সন্দেহ এড়াতে পরিবার সেজে তারা এই সংঘবদ্ধ চুরির সিন্ডিকেট চালাচ্ছিল বলে জানা গেছে। চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্জনতার সুযোগ নিয়ে একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তোলে চক্রটি। এরপর ইকড়া গ্রাম থেকে দ্বিতীয় ছাগলটি গাড়িতে ওঠানোর সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মুহূর্তের মধ্যেই জনতা একত্রিত হয়ে গাড়িটির গতি রোধ করে তাদের অবরুদ্ধ করে ফেলে এবং পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাল রঙের ছাগল ও ব্যবহৃত মাইক্রোবাসসহ আটককৃতদের উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন স্বীকার করেছেন, বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে তারা প্রথম ছাগলটি চুরি করেছিলেন।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদ রহমান জানান, “দুপুরে চুরির সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের হেফাজতে নেয় এবং চুরিকৃত ছাগলসহ ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে।”
এদিকে, জানা গেছে চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটির মালিক যশোর শার্শা থানা এলাকার এক প্রবাসীর স্ত্রী মোছাঃ পাখি খাতুন। ছাগল চুরির এই চক্রের সাথে গাড়ির মালিকের কোনো সম্পৃক্ততা আছে কিনা—তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।






















