গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- Update Time : ১১:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৮৫ Time View

স্টাফ রিপোর্টার:মোঃ মেহেদী হাসান
গঙ্গাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৪তম মহান বিজয় দিবসের সূচনা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৬টায় গঙ্গাচড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, গঙ্গাচড়া মডেল থানা, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে ও প্যারেড পরিদর্শন অনুষ্ঠিত হয়। এতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ, আনসার , উপজেলা স্কাউটের সদস্যসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে শৃঙ্খলা ও দেশপ্রেমের অনন্য দৃশ্য ফুটে ওঠে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম এবং গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার,প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম, মাধ্যমিক কর্মকর্তা আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।















