গোপালগঞ্জে দিন-রাত টহল দিচ্ছে বিজিবি, গঠন মনিটরিং সেল
- Update Time : ১১:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৪ Time View

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গত ১০ নভেম্বর থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দিন-রাত টহল, যৌথ টহল ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে যশোর ব্যাটালিয়ন।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।



















