ঝিনাইদহে কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
- Update Time : ১০:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন:
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচিতে নাশকতা ও সড়ক অবরোধের অভিযোগে ছাত্রলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে এসআই নাহিদ, এসআই জিহাদুজ্জামান, এসআই রুবেল ও এএসআই রফিকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদ আবির রহমান শাওন (২০), পিতা মো. সেলিম মীর এবং মোহাম্মদ হৃদয় (২০), পিতা আলিফ মোল্লা। তাদের উভয়ের বাড়ি কালীগঞ্জ উপজেলার আড়পাড়া ইউনিয়নের নদীপাড়া গ্রামে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে তারা নাশকতামূলক কর্মকাণ্ড ও সড়ক অবরোধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা হৃদয় হোসেন রিমনের নেতৃত্বে ওই কর্মসূচি বাস্তবায়নে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
























