দুমকীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক
- Update Time : ১০:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১০ Time View

পটুয়াখালীর দুমকী উপজেলায় ট্রাকচাপায় মাশরুফা খানম জান্নাতি (২৩) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার লালখা ব্রিজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং চালক মো. জাফর হোসেনকে (২৮) আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-০৮৬৪) সামনে থাকা একটি মোটরসাইকেলকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মাশরুফা খানম জান্নাতি সড়কে ছিটকে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নিহত মাশরুফা খানম জান্নাতির বাড়ি বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকায়। তিনি স্বামী কামাল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানা গেছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















