নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে আগামীকাল হরতালের ডাক
- Update Time : ১০:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১১ Time View

যশোরের নওয়াপাড়া এলাকায় ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান (৬৫) হত্যার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল নওয়াপাড়া বাজারে হরতালের ডাক দিয়েছে স্থানীয় সাধারণ জনগণ ও ব্যবসায়ী মহল।
নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে এবং জয়েন ট্রেডিং কর্পোরেশনের মালিক ছিলেন। জানা গেছে, গত মঙ্গলবার (০৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় তার নিজস্ব ৬ তলা ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে পীরবাড়ি এলাকার এক ব্যক্তি অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে সঙ্গে নিয়ে আনিসুর রহমানের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং চাপাতি দিয়ে ডান চোখের নিচে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেও শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল নওয়াপাড়া বাজারে সকাল থেকে হরতাল পালনের ঘোষণা দিয়েছে স্থানীয় জনগণ। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।















