মোংলা বন্দরে চীনের মেগা বিনিয়োগ, খুলছে ৫০ হাজার কর্মসংস্থানের দুয়ার।
- Update Time : ০১:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ০ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাকে ঘিরে বিদেশি বিনিয়োগের এক অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে। মোংলা বন্দরকে একটি যুগোপযোগী ও অত্যাধুনিক আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে এখানে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সুশাসনের সাথে পারস্পরিক সহযোগিতার এক নতুন দুয়ার উন্মোচিত হলো।
গত ২৫ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনারে মোংলা বন্দরের পাশে ‘চীন-বাংলাদেশ মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল’ উন্নয়নের বিষয়ে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তি অনুযায়ী মোংলা বন্দরের পাশে ১১০ একর জমিতে নতুন এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ-ভারত সহযোগিতার অংশ হিসেবে এই জমিটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ভারতের মনোনীত ডেভেলপার নির্ধারিত সময়ের মধ্যে ভূমি উন্নয়ন কাজ শুরু করতে না পারায় ২০২৫ সালের অক্টোবরে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার সেই বরাদ্দ বাতিল করে। এবার সেই জমিটিই চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হলো।
চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) এই মোংলা অর্থনৈতিক অঞ্চল, বন্ডেড ওয়্যারহাউস এবং আধুনিক লজিস্টিকস হাব নির্মাণে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জোরালো আগ্রহ প্রকাশ করেছে। সরকারি হিসাব অনুযায়ী, এই বিশাল প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা অঞ্চলসহ দেশজুড়ে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এর ফলে মোংলা বন্দরকেন্দ্রিক সামগ্রিক রপ্তানি বাণিজ্য, কোল্ড-চেইন, আধুনিক গুদামজাতকরণ ও পরিবহন খাতেও ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এই মেগা প্রকল্পের বিষয়ে মোংলা বন্দরের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক (এসডিএম) মো. মাকরুজ্জামান জানান, চীন সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের বিনিয়োগ আকর্ষণ কৌশলে একটি ইতিবাচক নতুন দিকের ইঙ্গিত দিচ্ছে। চীনা বিনিয়োগের ওপর গুরুত্ব বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে মোংলা বন্দর আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরির সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে।













