সুন্দরবন উপকূলে মেটবে তৃষ্ণা: জয়মনির ঘোলে কোস্টগার্ডের আধুনিক পানির প্ল্যান্ট
- Update Time : ১২:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৯ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার):
সুন্দরবন তীরবর্তী মোংলার জয়মনির ঘোল এলাকায় দীর্ঘদিনের তীব্র সুপেয় পানির সংকট দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন। উপকূলীয় এই অঞ্চলের বাসিন্দা ও কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সেখানে একটি আধুনিক রিভার্স অসমোসিস (RO) ওয়াটার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যান্টটির উদ্বোধন করেন কোস্টগার্ড পশ্চিম জোনের এরিয়া কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূল ও নদীঘেঁষা সাধারণ মানুষের সুবিধার্থে কোস্টগার্ড নিয়মিত নানা সামাজিক ও জনসেবামূলক কাজ করে আসছে। বর্তমান সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ হিসেবেই বাগেরহাটের মোংলা থানাধীন এই এলাকায় আধুনিক ওয়াটার প্ল্যান্টটি স্থাপন করা হলো।
নতুন এই বিশুদ্ধ পানির প্ল্যান্ট চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের পাশাপাশি জয়মনির ঘোলের সাধারণ মানুষ এখন থেকে সহজেই নিরাপদ সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা সুপেয় পানির তীব্র সংকট কাটানোর পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে এই ওয়াটার প্ল্যান্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রান্তিক উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণ ও জীবনমান উন্নয়নে কোস্টগার্ডের এমন জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।





















