নাচোলে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- Update Time : ১২:১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ’- এই মূল মন্ত্রকে সামনে রেখে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে ও মৎস্য দপ্তরের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ রবিবার (১৬ই আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০ দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতি মাছের পোনা অবমুক্তকরনের মাধ্যমে স্থানীয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পোনা অবমুক্তকরন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাস।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম-সহ স্থানীয় মৎস্যচাষী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। নাচোলের মতো বরেন্দ্র অঞ্চলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধ এবং সরকারি নির্দেশনা মেনে মাছ চাষের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের মাঝে উন্নত মাছ চাষের নির্দেশিকা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।























