ফুলবাড়ীয়ায় দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, ভাঙা হলো একটির অংশবিশেষ
- Update Time : ১২:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১০ Time View

ময়মনসিংহ প্রতিনিধি: মোঃ মোখলেছুর রহমান
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অনিয়মের অভিযোগে দুটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দুই মামলায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি একটি ইটভাটার চিমনি ও কিলনের অংশবিশেষ ভেঙে অকেজো করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় ফুলবাড়ীয়া উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সারটিয়া এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং লাঙ্গলশিমুল এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’ অনুযায়ী পৃথক দুটি মামলায় দুইজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অর্থদণ্ডের পাশাপাশি একটি ইটভাটার চিমনি ও কিলনের অংশবিশেষ ভেঙে কার্যক্রমের অনুপযোগী করা হয়।
পরিবেশ সুরক্ষা, ইটভাটায় অনিয়ম প্রতিরোধ এবং প্রচলিত আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
























