ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসবের পরে নবজাতকের মৃত্যুর ঘটনায় একজন আটক
- Update Time : ০৯:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসবের পর নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আবদুল্লা আল নোমান।
আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে তিনি যশোরের উদ্দেশে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নিমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশে গাছ কেটে ব্যারিকেড দিয়ে আনুমানিক ৭-৮ জন মুখোশধারী ডাকাত তাদের পথরোধ করে।
এ সময় ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে তার, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় তার স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আন্তরিকভাবে তদন্ত করছে বলেও জানান তিনি। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং তিনি তাকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সন্দেহভাজন হিসেবে একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটক করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতদের কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন ওই প্রসূতি। পরে নবজাতকের মৃত্যু হয়। ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। এ সময় মুখোশধারী ডাকাতদল তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।



















