বাবার ফিরে আসার অপেক্ষায় ছয় বছরের শিশু: মংলা নদীতে নিখোঁজ মাঝি।
- Update Time : ০৯:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৭ Time View

স্ত্রী ও ছয় বছরের শিশু কন্যার চোখের সামনেই মোংলা নদীতে তলিয়ে গেলেন ট্রলার মাঝি মো. হোসেন মোড়ল (৪০)। বৃহস্পতিবার ভোরে মোংলা লেবার ঘাট এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ হোসেন দীর্ঘ দিন ধরে খুলনার চালনা থেকে মোংলায় রেনু পোনা পরিবহনের কাজ করতেন। বৃহস্পতিবার ভোরেও পরিবারের সদস্যদের নিয়ে পোনা নিয়ে আসছিলেন তিনি। কিন্তু গন্তব্যের কাছাকাছি পৌঁছাতেই ঘটে বিপত্তি। মুহূর্তের অসতর্কতায় তিনি নদীতে ছিটকে পড়েন। মাঝির স্ত্রীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বর্তমানে নিখোঁজ মাঝিকে উদ্ধারে মোংলা নদী চষে বেড়াচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবুরি দল। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেই উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় নিখোঁজ মাঝির স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

















