মিরপুরে এসএফএর ৯ম ব্যাচের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
- Update Time : ০৩:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার মিরপুরে আলোর কাফেলার আয়োজনে এবং স্মাইল ফর অল-এর প্রশিক্ষণ বাস্তবায়নে ৯ম ব্যাচের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার ২২ আগস্ট নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ব্যাচের উদ্বোধন করেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, চেয়ারম্যান, লিগ্যাল এডুকেশন কমিটি, বাংলাদেশ বার কাউন্সিল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. এএসএম মুসা কবির, প্রধান উপদেষ্টা, স্মাইল ফর অল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম মাস্টার, সাবেক সভাপতি, নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বিদ্যালয় ও উপদেষ্টা, আলোর কাফেলা এবং মো. মারফত আফ্রিদি, সভাপতি, মিরপুর প্রেসক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়ফ রুল আমিন, উপদেষ্টা, আলোর কাফেলা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল বুখারি অনিক, ভারপ্রাপ্ত পরিচালক, স্মাইল ফর অল। এ সময় আলোর কাফেলা ও স্মাইল ফর অল-এর সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন এ ব্যাচে প্রায় ৩৫ জন নারী শিক্ষার্থী অংশ নিচ্ছেন। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণে মোট ২০টি ক্লাস অনুষ্ঠিত হবে। স্মাইল ফর অল-এর দক্ষ প্রশিক্ষক আরিফা ও একজন সহযোগী প্রশিক্ষকের সমন্বয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সেলাই কাজে দক্ষ করে তোলার পাশাপাশি প্রয়োজনীয় মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।
আয়োজক সূত্রে জানা যায়, ডা. এএসএম মুসা কবিরের পৃষ্ঠপোষকতায় ২০২৫ সাল থেকে স্মাইল ফর অল বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে আটটি ব্যাচে প্রায় ২০০ জন নারী শিক্ষার্থী এ কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেছেন। তাদের মধ্যে অনেকে বর্তমানে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করছেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ডা. এএসএম মুসা কবির বলেন, একটি নারীকে স্বাবলম্বী করে তোলা মানে শুধু একজন মানুষকে স্বাবলম্বী করা নয়; বরং তার বাড়তি আয়ের মাধ্যমে একটি পরিবারকে স্বচ্ছলতার দিকে এগিয়ে নেওয়া। নারীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, সমাজের তরুণরা যখন মানুষের কল্যাণে এগিয়ে আসেন এবং সমাজকে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন, তখন তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তিনি আলোর কাফেলা ও স্মাইল ফর অল-এর সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠন দুটির যেকোনো প্রয়োজনে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।
স্মাইল ফর অল-এর ভারপ্রাপ্ত পরিচালক আল বুখারি অনিক বলেন, “আমাদের কাছে সেলাই প্রশিক্ষণ শুধু একটি কাজ শেখানোর উদ্যোগ নয়; এটি একজন নারীকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার একটি প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, একজন নারী দক্ষ হয়ে উঠলে তার প্রভাব শুধু তার নিজের জীবনে সীমাবদ্ধ থাকে না, বরং তার পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আসে। আলোর কাফেলার আয়োজনে এই উদ্যোগে স্মাইল ফর অল প্রশিক্ষণ বাস্তবায়নের দায়িত্ব পালন করতে পেরে আমরা আনন্দিত। ৯ম ব্যাচের প্রতিটি শিক্ষার্থী যেন প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
আয়োজকদের প্রত্যাশা, দুই মাসের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সেলাইয়ের মৌলিক ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে নিজেদের জন্য আয়মূলক কাজের সুযোগ তৈরি করতে পারবেন। এর মাধ্যমে নারীর দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে এ উদ্যোগ।























