যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার করল প্রশাসন
- Update Time : ০২:০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৮ Time View

লিখনী ডেক্স:যশোর শহরের নীলগঞ্জ এলাকায় একটি মাদ্রাসাকে কেন্দ্র করে বিরোধের জেরে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যা প্রায় সাত ঘণ্টা নিজ বাসভবনে অবরুদ্ধ ছিলেন। পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এমপির বাসভবনের সামনে অবস্থিত ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার পুলিশের মধ্যস্থতায় সমঝোতা হলেও মঙ্গলবার সকালে এমপি ও তাঁর মেয়ে মাদ্রাসায় গেলে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে এমপির মেয়ে অনন্যার সঙ্গে কয়েকজন অভিভাবকের হাতাহাতির ঘটনা ঘটে। এতে রেক্সনা নামে এক নারী অভিভাবক আহত হন এবং নাসির উদ্দিন নামে এক শিক্ষকের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা এমপির বাসভবন ঘিরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে এমপি ও তাঁর মেয়ে ঘরের ভেতর অবস্থান নেন।
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসভবন অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং বিএনপি, জামায়াত, ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।
ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, প্রশাসনের প্রাথমিক গাফিলতি থাকলেও পরবর্তীতে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ায় তাদের ধন্যবাদ জানান।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ভুল বোঝাবুঝি থেকে এ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয়দের নিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।





















