লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
- Update Time : ০৬:৪৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২১৯ Time View

মোবারক হোসাইন
চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের জাগিরপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে রাকিবুল ইসলাম এবং একই ইউনিয়নের কানিয়াছড়া এলাকার শামসুল ইসলামের ছেলে জিহাদ (১৯)। তারা সম্পর্কে ফুফাতো মামাতো ভাই।
নিহতদের সফরসঙ্গী সাইফুল ইসলাম জানান, “আমরা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে সাজেক ভ্রমণে যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। রাকিব ও জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায়ই এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পরপরই পার্বত্য বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে একটি টিম আজিজনগর চাস্বি বাজার থেকে ঘাতক পিকআপ চালক মো. আমির উদ্দীন (২৪) ও তার সহকারী জয়নাল আবেদিন জোবাইর (২০) কে আটক করে এবং গাড়িটি জব্দ করে।
ইনচার্জ আহমেদ মোর্শেদ জানান, “ঘটনার পর খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা আজিজনগরে গাড়িটিকে আটক করি। যেহেতু ঘটনাস্থল দোহাজারী হাইওয়ে পুলিশের আওতাধীন, তাই চালক, সহকারী ও গাড়ি তাদের কাছে হস্তান্তর করা হবে।”
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে।
মৃত্যুর খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, তদন্ত ওসি রবিউল খাঁন ও সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম হাসপাতালে যান।
নিহত রাকিবুলের বড় ভাই হানি ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছয় বন্ধু মিলে আনন্দের যাত্রা শুরু করেছিল। কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল।”
দুই পরিবারের বাড়িতে এখন শোকের মাতম, স্বজনদের কান্নায় এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।

























