ঈদগাঁওয়ে ফেরিওয়ালার ওপর ছি’নতাইয়ের অভিযোগ, এলাকায় উদ্বেগ
- Update Time : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ৩৩ Time View

মোবারক হোসাইন, ঈদগাঁও উপজেলা
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একটি এলাকায় মশারি বিক্রেতা এক ফেরিওয়ালার ওপর ছি’নতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম আরিফ। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আজ সকালে প্রতিদিনের মতো মশারি বিক্রির উদ্দেশ্যে তিনি ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় যান। এ সময় তিনজন ব্যক্তি মশারি কেনার কথা বলে তাঁকে খালের ধারের একটি নিরিবিলি স্থানে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর তারা ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁর কাছে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন, নগদ ২ হাজার ৫০০ টাকা এবং দুটি মশারি ছিনিয়ে নেয়।
আরিফ জানান, তাঁর ধারণা—ঘটনাটি এলাকার কিছু নে’শাগ্রস্ত ব্যক্তির মাধ্যমে সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কয়েকজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে এলাকাবাসী সন্দেহ করছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ফেরিওয়ালা ও পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী এ ধরনের অপরাধ রোধে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরবে।
















