মানবদেহ ও গবাদি পশুর এক নতুন আতঙ্কের নাম রাস্তার ধারের ‘পার্থেনিয়াম’
- Update Time : ০১:২৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ১১ Time View

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর মধ্যবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় সড়কের দুপাশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ‘পার্থেনিয়াম’ আগাছা। সড়কের পাশে ব্যাপকভাবে দেখা যাচ্ছে গাছটিতে ফুল ফুটতে। দেখতে সাধারণ আগাছা মনে হলেও এর ফুলের রয়েছে ‘পার্থেনিন’ নামক এক ধরনের বিষাক্ত উপাদান। যা মানুষ গবাদি পশু এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
বিভিন্ন তথ্যে জানা যায়, দেশের বিভিন্ন এলাকার রাস্তার দুই ধার ও পতিত জমিতে ক্ষতিকর ও বিষাক্ত আগাছা ‘পার্থেনিয়াম’ আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে। গাছটির পাতা ও ফুলে থাকা `পার্থেনিন` নামক বিষাক্ত উপাদান মানুষ ও গবাদি পশুর জন্য তীব্র স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।
আপাতদৃষ্টিতে ছোট ছোট সাদা ফুলের এই গাছটি দেখতে সুন্দর হলেও এটি এখন জনস্বাস্থ্য, কৃষি এবং গবাদি পশুর জন্য এক নীরব ঘাতক। দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে মহাসড়কের দুই ধার, রেললাইনের পাশ ও পতিত জমিতে দ্রুত বিস্তার লাভ করছে এই আক্রমণাত্মক উদ্ভিদ।
চিকিৎসক ও পরিবেশদের মতে, পার্থেনিয়াম গাছের পাতা, কান্ড ও ফুল সবকিছুতেই বিষাক্ত টক্সিন থাকে। ত্বকে এর রস লাগলে তীব্র চুলকানি, লালচে ভাব এবং একজিমার মতো জটিল চর্ম রোগ দেখা দিতে পারে।
এছাড়া ফুল থেকে বাতাসে ছড়িয়ে পড়া পরাগরেনু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে হাঁপানি, শ্বাসকষ্ট ও এলার্জি সৃষ্টি করে।
পার্থেনিয়াম কেবল মানুষের নয়, প্রাণীকুলের জন্যও চরম বিপদজনক।গরু বা ছাগল এ ঘাস বা গাছ খেলে বদহজম, তীব্র জ্বর, শরীর ফুলে যাওয়া ও মুখে ঘা হতে পারে। অনেক সময় আক্রান্ত গবাদি পশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পাশাপাশি আক্রান্ত পশুর দুধের স্বাদ ও গুনাগুন নষ্ট হয়ে যায়।
এই বিষাক্ত আগাছা ফসলি জমির আশেপাশে ছড়িয়ে পড়লে জমির উর্বরতা নষ্ট হয় এবং ধানের পাশাপাশি বিভিন্ন শাকসবজি ও ফসলের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
বনজ ও কৃষি বিশেষজ্ঞদের মতে, বাতাস, সেচের পানি এবং যানবাহনের চাকার মাধ্যমে এর বীজ খুব দ্রুত ছড়ায়। তাই ফুল আসার আগে এই আগাছা শিকড়সহ উপড়ে ফেলে পুড়িয়ে ধ্বংস করার পরামর্শ দিচ্ছেন তারা।




















