মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৬ বাংলাদেশি আটক
- Update Time : ১১:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ Time View

মহেশপুর (ঝিনাইদহ) অফিসঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন পলিয়ানপুর বিওপির একটি টহলদল তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, পলিয়ানপুর বিওপিতে কর্মরত নায়েক সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে টহলদল সীমান্ত মেইন পিলার ৬০/১-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের জোমাত আলী গাজী (৫৭), পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মরিয়ম বেগম (৪১), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শিশু সরকার (৫১), খুলনার কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের রওশনারা (৩২), মুন্সীগঞ্জের সিরাজদিয়া উপজেলার আকবর নগর গ্রামের মো. সীমান্ত (১৬) এবং কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের শামীমা খাতুন (৯)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম নিশ্চিত করেছে।












