নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ১০:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

“রক্ত দিন, জীবন বাঁচায়, লড়ছি আমরা গড়তে মানবতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের আয়োজনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, সম্মাননা স্মারক বিতরণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সভাপতি কায়ছার ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি নড়াইল জেলা ব্লাড ব্যাংকের অ্যাপসের উদ্বোধন করেন।
স্বেচ্ছাসেবী মো. ইকরামুল ইসলাম ও আনিকা ইসলাম দিবার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, আল মারকাজুলের সেক্রেটারি জেনারেল মুফতি এনামুল হাসান আজহারী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সমাজসেবক সৈয়দ শাহ আলম, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাহামুদুল হাসান এবং সাধারণ সম্পাদক আম্মার হোসেন রকিসহ অতিথিরা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্লাড ব্যাংকের সদস্য এবং বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
আলোচনা সভা শেষে প্রায় ৩১৫ জন রক্তযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুসহ আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা, নতুন স্বেচ্ছাসেবী তৈরি করা এবং মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।




















