মা ইলিশ রক্ষায় সুন্দরবন উপকূলে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
- Update Time : ১১:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
মা ইলিশের নিরাপদ প্রজনন ও জাতীয় ইলিশ সম্পদ রক্ষায় সুন্দরবনের নদী ও খালগুলোতে শুরু হয়েছে ২২ দিনব্যাপী বিশেষ সংরক্ষণ অভিযান। সরকারি ঘোষণা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সুন্দরবন উপকূলীয় নদ-নদীতে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সমুদ্র, নদী ও সুন্দরবনের অভ্যন্তরীণ জলসীমায় সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে সুন্দরবন ও বঙ্গোপসাগরে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধের পাশাপাশি বিদেশী ফিশিং ট্রলারের অনুপ্রবেশ রোধে কাজ করছে যৌথ বাহিনী। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে নিয়মিত তদারকি চালাচ্ছে। অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্যকারী অসাধু জেলে ও মাছ ধরার নৌযানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে অভিযান সফল করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। মোংলা কোস্টগার্ডের উদ্যোগে সুন্দরবনের নদ-নদী সংলগ্ন এলাকা ও জেলেপল্লীগুলোতে নিয়মিত স্পিডবোট টহল দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
মৎস্য বিভাগের কর্মকর্তা ও কোস্টগার্ড প্রতিনিধিরা জানান, মা ইলিশ রক্ষায় উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ ও জেলে সম্প্রদায়কে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালে উপকূলের জলসীমায় আইন অমান্য করে কেউ নদীতে নামলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
























