যশোর কেশবপুরে যাত্রীবেশে উঠে চালককে ছুরিকাঘাত, ভ্যান নিয়ে উধাও দুর্বৃত্তরা
- Update Time : ০৫:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৫ Time View

উৎপল ঘোষ. ক্রাইম রিপোর্টার:
যশোরের কেশবপুরে যাত্রীবেশে ভ্যানে উঠে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাদারডাঙ্গা এলাকায় নতুন হাট–গড়ভাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত চালককে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে।
আহত ভ্যানচালকের নাম রেজাউল (৪৮)। তিনি কেশবপুর পৌর এলাকার ভোগতী গ্রামের আনসার সরদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার সন্ধ্যায় এক ব্যক্তি যাত্রী সেজে রেজাউলের ভ্যানে ওঠেন। গন্তব্যে যাওয়ার পথে মাদারডাঙ্গা এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে চালককে ছুরি দিয়ে আঘাত করেন ওই যাত্রী। এরপর রেজাউলকে রাস্তায় ফেলে রেখে তার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান তিনি।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন।
এদিকে, যাত্রীবেশে এসে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার তদন্ত শুরু করে।























