ঈদগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া ও শিশু সন্তানসহ উধাও হওয়ার অভিযোগ, থানায় শাশুড়ির আহাজারি
- Update Time : ০৩:৫১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫ Time View

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া প্রেমের টানে ৪ বছরের শিশু সন্তান, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দিশেহারা প্রবাসীর বৃদ্ধা মা সৈয়দা খাতুন আইন ও বিচার চেয়ে ঈদগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক সাথি শারমিন আক্তারের সাথে প্রবাসীর বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল। বিয়ের পর কিছুদিন ভালো কাটলেও, স্বামী বিদেশে থাকার সুযোগে স্ত্রী সাথি শারমিন আক্তার পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবার থেকে বেশ কয়েকবার সতর্ক করা হলেও তিনি তা মানেননি।
গত ১ মে ২০২৬ তারিখে বিকেলে গৃহবধূ সাথি শারমিন আক্তার ৪ বছরের শিশু সন্তান রওশন মোহাম্মদ রাফসানকে নিয়ে বাসা থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় পরিবার তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে শাশুড়ি জানতে পারেন যে, সাথি তার কথিত পরকীয়া প্রেমিক মোহাম্মদ সাইমুম পিতা মোহাম্মদ কালু (নাপিতখালী, ইসলামপুর ইউনিয়ন এলাকার বাসিন্দা) এর সাথে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন।
শাশুড়ি সৈয়দা খাতুনের অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় গৃহবধূ বিয়ের ৪ ভরি স্বর্ণালঙ্কারের পাশাপাশি অতিরিক্ত ২ ভরি স্বর্ণালঙ্কার এবং ঘরের আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে গেছেন। এই বিষয়ে অভিযুক্তের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা উল্টো সৈয়দা খাতুন ও তার প্রবাসী ছেলেকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি প্রদান করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সৈয়দা খাতুন জানিয়েছেন, বর্তমানে তার নাতি রওশন মোহাম্মদ রাফসানের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বিগ্ন। ঘটনার সাক্ষী হিসেবে দক্ষিণ লরাবাগ এলাকার বাসিন্দা আবু রশিদ, নিলুফা আক্তার ও আবু রহিমের নাম উল্লেখ করা হয়েছে। ন্যায়বিচার ও শিশু সন্তানকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।





















