কোটচাঁদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি,গুরুতর আহত ইউনিয়ন যুবদল নেতা।
- Update Time : ১২:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি সমাজকল্যাণ বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে বলুহর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ নাজিম উদ্দীন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ি সমাজকল্যাণ বাজার এলাকায়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যবসায়িক লেনদেনের কথা বলে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি মোঃ নাজিম উদ্দীনের কাছ থেকে ২ লাখ ৫২ হাজার টাকা গ্রহণ করেন। পরে মালামাল না দিয়ে এলাকা ছেড়ে চলে যান তিনি। কিছুদিন পর এলাকায় ফিরে আসলে নাজিম উদ্দীন তার কাছে পাওনা টাকা চাইতে গেলে রফিকুল ইসলাম নির্দিষ্ট তারিখে টাকা পরিশোধের আশ্বাস দিয়ে তাকে বাজারে ডেকে নেন। নির্ধারিত দিনে টাকা না দিয়ে পুনরায় সময়ক্ষেপণ করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা নাজিম উদ্দীনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় নাজিম উদ্দীনের হাতে ধারালো অস্ত্রের আঘাতে কব্জি কেটে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান,নাজিম উদ্দীন টাকা পাওয়ার বিষয়টি তারা জানেন,তবে কী বাবদ টাকা তা নিশ্চিত নন। তাদের ভাষ্য অনুযায়ী,রফিকুল ইসলাম ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নাজিম উদ্দীনের ওপর হামলা চালান। অভিযুক্ত রফিকুল ইসলামের বাবা সুত্তার বলেন,নাজিম উদ্দীন আমার ছেলের কাছে ৩০০ টাকা পাবে—এটা আমি জানি। তবে তাদের মধ্যে কোনো বড় ব্যবসায়িক লেনদেন নেই।
DAC News24-এর অনুসন্ধানে নাজিম উদ্দীন ও রফিকুল ইসলামের মধ্যকার প্রকৃত লেনদেনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,মারামারির ঘটনার বিষয়টি তারা অবগত আছেন এবং এক পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।











