যশোর নিউমার্কেটে প্রকাশ্য দিবালোকে ছিনতাই ও মারধর, নির্বাক পথচারী: আতঙ্কে সাধারণ মানুষ
- Update Time : ১২:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৩ Time View

যশোর প্রতিনিধি
মো: আরাফাত রহমান শুভ
যশোর শহরের ব্যস্ততম নিউমার্কেট এলাকায় প্রকাশ্য দিবালোকে ইজিবাইক থেকে নামিয়ে এক যাত্রীকে মারধর, চোখ-মুখে উপ্যুপরি ঘুষি এবং মোবাইল-টাকা ছিনতাইয়ের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ওই এলাকায় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটলেও এক অদৃশ্য আতঙ্কে কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছেন না।
ভুক্তভোগী জানান, সম্প্রতি যশোর নিউমার্কেটের ৪ রাস্তার মোড় থেকে পালবাড়ী গামী সড়কে ২০০-৩০০ গজ এগোতেই আহাদের খাবার হোটেলের সামনে এই ঘটনা ঘটে। ২ জন ছিনতাইকারী প্রথমে তাকে চলন্ত ইজিবাইক থেকে জোরপূর্বক নামিয়ে দেয়। টাকা ও মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানালে তারা ভুক্তভোগীর চোখ এবং মুখে উপর্যুপরি ঘুষি মেরে গুরুতর আহত করে। এরই মধ্যে একটি পুরোনো, রঙ করা মোটরসাইকেলে করে তৃতীয় এক ব্যক্তি এসে তাকে বাইকে ওঠার হুমকি দেয়। ভুক্তভোগী তাতে রাজি না হলে তারা সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা চালায় এবং একপর্যায়ে একটি রিকশায় চড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
সংশ্লিষ্ট এলাকার দোকানদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্পটে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিপূর্বেও সেখানে অন্তত ১০ থেকে ১২টি একই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, উক্ত ‘আহাদের খাবার হোটেল’ মালিকের ছেলে এবং তার চক্রই মূলত এই অপরাধের সাথে জড়িত। অপরাধীদের একজন ঘোপ এলাকা এবং অন্যজন ডিআইজি রোডে থাকে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার সাথে জড়িত মূল দুই যুবকের একজন লম্বা ও ফর্সা, অন্যজন কালো, খাটো এবং মুখে গোঁফ রয়েছে। উভয়েরই ঠোঁট কালো (ধূমপায়ী বা মাদকাসক্তের মতো)। মোটরসাইকেলে আসা তৃতীয় ব্যক্তিটি দেখতে কালো ও মোটা।
শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন সন্ত্রাসী কায়দায় মারধর ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ এবং চিহ্নিত এই চক্রটিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।






















