৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনলো কোস্টগার্ড: মোংলায় পরিবারের কাছে হস্তান্তর।
- Update Time : ১২:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৩ Time View

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং বোটসহ ফিরিয়ে এনেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল রবিবার দুই দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে তাদের গ্রহণ করার পর, আজ সোমবার দুপুরে মোংলায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ সোমবার (৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৪টি বোটসহ এই ৯১ জন জেলেকে আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড। পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা এবং দুই দেশের কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত মোতাবেক, গত ৭ জুন (রবিবার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (IMBL) ভারতীয় কোস্টগার্ড আনুষ্ঠানিকভাবে জেলে ও বোটগুলোকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। এরপর আজ সোমবার দুপুর ১২টায় ‘কোস্টগার্ড বেইস মোংলা’য় স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে জেলেদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কোস্টগার্ড জানায়, বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার কারণেই এই দ্রুত প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত ও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণে কোস্টগার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























