ঝিনাইদহ মহেশপুরে পাওয়ানা টাকা নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা
- Update Time : ০৫:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

স্টাফ রিপোটার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে তাকে কুপিয়ে জখম করা হলে দুপুরে তিনি যশোর জেনারেল হাসপাতালে মারা যান। মহেশপুরের মান্দারতলা গ্রামের মাঠে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। আর অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের মাঠে নিজের জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। একই সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন।
কাজের ফাঁকে তাদের মধ্যে পূর্বের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম উদ্দিন তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে গুরুতর আহত হয়ে নুর মোহাম্মদ ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
মাঠে কাজ করা লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। শুনেছি পাওয়ানা টাকা নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে। তিনি বলেন, ঘাতক জসিমকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযানে রয়েছে।






















